আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা এআই ব্যবহার করে শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ও কণ্ঠস্বর নকল করে ইতালির একটি প্রাইভেট ব্যাংক থেকে ৯৫ মিলিয়ন ইউরো চুরি করেছে একটি প্রতারক চক্র।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির সবচেয়ে বড় ব্যাংকিং গ্রুপ ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ফিদিয়ুরাম থেকে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই অর্থ চুরির পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল প্রতারক চক্র। ওই সময় ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনি একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তাটি দেখে তার মনে হয়, এটি ইন্তেসা সানপাওলোর প্রধান নির্বাহী কর্মকর্তা কার্লো মেসিনার কাছ থেকে এসেছে।
বার্তায় বিদেশে একটি জরুরি লেনদেনের জন্য সহায়তা চাওয়া হয়। এরপর একটি ফোনকল আসে। ফোনকারী নিজেকে একটি নামী আইন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অংশীদার হিসেবে পরিচয় দেন এবং অর্থ স্থানান্তরের নির্দেশটি নিশ্চিত করেন।
সূত্রগুলো বলছে, প্রতারকরা ওই আইনজীবীর কণ্ঠস্বর নকল করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিল।
অনুরোধটি সত্যি মনে করে মোলেসিনি তার অর্থ বিভাগকে বিদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর নির্দেশ দেন। এসব অর্থের বড় একটি অংশ চীন ও হংকংয়ের অ্যাকাউন্টে পাঠানো হয়।
ফিদিয়ুরাম পরে লেনদেনগুলোতে অস্বাভাবিকতা শনাক্ত করে এবং বিভিন্ন দেশের ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বিষয়টি জানায়।
চীন, পর্তুগাল ও ইতালির কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় ৫৩ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
তবে প্রায় ৩৬ মিলিয়ন ইউরো এখনো নিখোঁজ। সূত্রগুলোর দাবি, এই অর্থ বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়েছে।
ওই ঘটনায় সানপাওলো কিংবা ফিদিয়ুরামের কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে না। তবে ইউরোপের বাইরে বসবাসকারী এক বিদেশি নাগরিকের বিরুদ্ধে কম্পিউটার জালিয়াতির অভিযোগে তদন্ত করছেন বলে জানা গেছে।