হরমুজ প্রণালিতে অ্যামেরিকার নতুন সামরিক অভিযান শুরুর জেরে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
নতুন কোনো উদ্যোগ গ্রহণ করে অ্যামেরিকান সামরিক বাহিনী হরমুজে প্রবেশের চেষ্টা করলে আক্রমণের শিকার হবে বলে হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এনবিসি নিউজ জানায়, হরমুজ প্রণালিতে সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর আটকে পড়া জাহাজগুলো নিরাপদে পার করে দিতে সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন অভিযান শুরু হয়েছে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ঘোষণার পরপর এ অভিযানের বিরোধিতা করে ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে যেকোনো জাহাজ চলাচল তেহরানের সঙ্গে সমন্বয় করেই করতে হবে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে অ্যামেরিকা প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে নিশ্চিত আক্রমণের মুখে পড়বে। একই সঙ্গে ইরান দাবি করে, তারা একটি অ্যামেরিকান যুদ্ধজাহাজকেওই এলাকায় প্রবেশে বাধা দিয়েছে।
অন্যদিকে অ্যামেরিকান সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কোনো জাহাজে হামলা হয়নি।
এদিকে প্রজেক্ট ফ্রিডম প্রসঙ্গে অ্যামেরিকান সেন্ট্রাল কমান্ড বলছে, তারা ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর রাখার পাশাপাশি জাহাজ চলাচল নিশ্চিত করতে কাজ করছে।
এ উদ্যোগে প্রায় ১৫ হাজার সেনা, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক বিমান ও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে অ্যামেরিকা।