চীনের উত্তরাঞ্চলে কয়লাখনি দুর্ঘটনায় মোট ৮২জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়।
দেশটির শানসি প্রদেশের চাংঝি শহরের কিনইউয়ান কাউন্টিতে শুক্রবার রাতে লিউশেনইউ কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সূত্রপাত।
ওই সময় খনির নিচে কাজ করছিলেন ২৪৭ জন শ্রমিক। তাদের মধ্যে প্রথম ধাপে উদ্ধারকর্মীরা ১৫৭জনকে উদ্ধার করতে সক্ষম হন।
প্রাথমিকভাবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, উদ্ধার হওয়া ও ভূগর্ভে আটকে থাকা শ্রমিকদের মধ্যে কমপক্ষে ৯০জন নিহত হয়েছেন।
কিনইউয়ান কাউন্টির প্রধান গুও জিয়াওফাং জানান, দুর্ঘটনায় সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে প্রথমে গণমাধ্যমের কাছে নিহতের সংখ্যা নিয়ে ভুল তথ্য পৌঁছে।
তবে মৃতের সংখ্যা কমলেও দেড় যুগের ভিতর দেশটিতে কয়লাখনি দুর্ঘটনায় এটি সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা। এর আগে ২০০৯ সালে হেইলং জিয়াং প্রদেশে শিংশিং কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনায় ১০৮জন মারা যান।
এদিকে সাম্প্রতিক দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখনও ২জন নিখোঁজ আছেন। ওই ঘটনায় শনিবার চীনের প্রেসিডেন্ট উদ্ধার অভিযান চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক চেষ্টা, আহতদের সুচিকিৎসা ও ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।