আমেরিকার মিসিসিপি উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সি দুই ছেলে রয়েছে বলে জানিয়েছে ইউএস কোস্ট গার্ড।
একটি সেসনা- ২১০ বিমান পাসকাগুলা ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য উল্লেখ করে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইউএস কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে আমেরিকার অ্যালাবামার মোবাইলের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এরপর উপকূলীয় এলাকায় অনুসন্ধান শুরু করেন উদ্ধারকর্মীরা। প্রাথমিকভাবে পানিতে তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট এবং বিমানের কেবিন ভাসতে দেখা যায়।
কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর ডুবুরিরা বিমানের ফিউজলাজের ভেতরে ছয়জনের মরদেহ খুঁজে পান। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন কোস্ট গার্ডের উদ্ধার অভিযান সমন্বয়কারী কমান্ডার ট্রেভর ব্লাউন্ট।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের কারও প্রত্যাশিত পরিণতি এটি ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের ফলে বিমানে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা এবং তাদের পরিবারের কাছে বিষয়টি নিশ্চিত করতে পেরেছি—এ জন্য আমরা কৃতজ্ঞ।”
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার বিষয়ে অবগত রয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এবং সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত করবে বলে জানিয়েছে সংস্থাগুলো।