ইরান যুদ্ধকে ঘিরে ন্যাটো মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, মিত্র দেশগুলো যুদ্ধের সময় সহায়তা করছে না, অথচ জ্বালানির উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাটো জোটকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি লেখেন, “অ্যামেরিকা ছাড়া ন্যাটো কাগুজে বাঘ।”
ট্রাম্পের অভিযোগ, ইরানের বিরুদ্ধে অ্যামেরিকা–ইসরায়েল যুদ্ধ চলাকালে ন্যাটো মিত্ররা কোনো সামরিক সহায়তা দেয়নি। অথচ এখন তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে মিত্রদের সহায়তা প্রয়োজন ছিল। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে।
ট্রাম্পের ভাষায়, “যুদ্ধ সামরিকভাবে প্রায় জিতে নেওয়া হয়েছে। এখন খুব কম ঝুঁকি থাকা সত্ত্বেও তারা হরমুজ প্রণালী খুলতে সহায়তা করছে না—যা তেলের উচ্চমূল্যের প্রধান কারণ।”
মিত্রদের অবস্থান
তবে ইউরোপীয় দেশগুলো ভিন্ন অবস্থান নিয়েছে। জার্মানি, বৃটেইন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, জাপান ও কানাডা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে “উপযুক্ত পদক্ষেপে” অংশ নিতে প্রস্তুত।
তবে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্য স্পষ্ট করেছেন, এর জন্য আগে সংঘাত বন্ধ হওয়া জরুরি।
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাক্রোঁ বলেছেন, “আন্তর্জাতিক আইন রক্ষা ও উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, ইউরোপীয় নেতাদের মধ্যে কেউই সরাসরি এই যুদ্ধে জড়াতে আগ্রহী নয়।
অ্যামেরিকা–ইসরায়েল হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত বিস্তৃত হয়েছে। এতে বৈশ্বিক বাজার অস্থির হয়ে পড়েছে, হাজারো মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।