আকাশে ভয়াবহ বিপর্যয়, প্রাণ গেল দুই মন্ত্রীসহ ৮ জনের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ৬:২৯

জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলছে। ছবি: এনডিটিভি

জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলছে। ছবি: এনডিটিভি

  • 0

উত্তর-পশ্চিমে আশান্তি অঞ্চলের সোনার খনির এলাকা ওবুয়াসির দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির দুই মন্ত্রী ও দুজন শীর্ষ কর্মকর্তাসহ আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ঘানা সরকার।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ঘানার প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ। এ ছাড়া ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান স্যামুয়েল সারপং, শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুনিরু মোহাম্মদ এবং চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

ঘানার সামরিক বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি বুধবার সকালে রাজধানী আক্রা থেকে উড্ডয়ন করে এবং উত্তর-পশ্চিমের আশান্তি অঞ্চলের ওবুয়াসির দিকে যাচ্ছিল।

হঠাৎ করেই হেলিকপ্টারটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশান্তির আদানসি এলাকায় ধ্বংসাবশেষ পাওয়া যায়।

দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বনের মধ্যে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ আগুনে পুড়ে যাচ্ছে এবং কিছু লোক সাহায্য করার চেষ্টা করছেন। ঘানার সরকার এই দুর্ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জেড-৯ নামের ঐ বিধ্বস্ত হেলিকপ্টারটি প্রায়শই পরিবহন এবং চিকিৎসা সরঞ্জাম আনা- নেওয়ার জন্য ব্যবহৃত হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে যে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ঘানার সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে বিধ্বস্তের ঘটনা অন্যতম।

এর আগে ২০১৪ সালের মে মাসে, ঘানার উপকূলে একটি সার্ভিস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়।