প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ বন্ধে মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাটিক পার্টি কর্তৃক কংগ্রেসে জোরালো পদক্ষেপ দেখতে চায় অধিকাংশ আমেরিকান। একইসঙ্গে জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্প প্রশাসনের আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহারে নতুন কংগ্রেসে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা করেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স ও ইপসসের প্রকাশিত নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এসব তথ্য।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দেশজুড়ে ৪ দিনব্যাপী জরিপ চালানোর পর সোমবার ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ আমেরিকান চান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক পার্টি আইন পাস করুক। আইন পাসের পক্ষে মত দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ শতাংশ রিপাবলিকান পার্টির সমর্থকও আছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির অন্যতম কারণও ছিল ইরান যুদ্ধ। চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধের ফলে সৃষ্ট জীবনযাত্রার উচ্চ ব্যয় ট্রাম্পের জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
অন্যদিকে, জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ আমেরিকান ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কহার প্রত্যাহারে আইন পাসকে সমর্থন করেন। উচ্চ শুল্কের ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ট্রাম্পের এ নীতি থেকে ডেমোক্র্যাটদের কাছে সমাধান চান অধিকাংশ আমেরিকান।
তবে অনেক আমেরিকানদের উদ্বেগ, ডেমোক্র্যাটরা কংগ্রেসের ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প ও তার প্রশাসনকে অভিসংশনে ফেলতে বেশি মনোযোগী হতে পারেন। এ ধরনের কার্যকলাপ আমেরিকানদের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলেও মনে করেন তারা।
জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ মনে করেন, ডেমোক্র্যাটশাসিত নতুন কংগ্রেস ট্রাম্পকে অভিসংশনের উদ্যোগ নিলে, তা দেশের জন্য খারাপ হবে। অন্যদিকে ৩৩ শতাংশ উত্তরাদাতা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের জন্য ভালো হবে।
তবে অধিকাংশই আমেরিকার স্বার্থে ট্রাম্প ও ডেমোক্র্যাটদের একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন।