সরকারের অগ্রাধিকারভিত্তিক ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। কর্মসূচির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ অবস্থায় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে এ শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট পরিবারগুলোতে যেতে পারেন। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য হাতের কাছে রাখার অনুরোধ জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ডের জন্য যেসব কাগজপত্র লাগবে
সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী :
- কার্ডগ্রহীতা নারীর জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
- পরিবারের অন্যান্য সদস্যের জাতীয় পরিচয়পত্র।
- যাদের NID নেই, তাদের জন্মনিবন্ধন সনদ।
- ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্মনিবন্ধন সনদ।
- কার্ডগ্রহীতা নারীর NID দিয়ে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্টের তথ্য।
- পরিবারের আয়-ব্যয়ের সঠিক তথ্য।
- পরিবারের সম্পদের বিবরণ।
- বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবি।
- প্রয়োজন অনুযায়ী স্বাক্ষর অথবা টিপসই।
ফ্যামিলি কার্ডের নামে টাকা দাবি করলে সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কার্ড করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো পরিবার শুমারির আওতার বাইরে না থাকে।
জনসচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা
ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।