ভারতের মধ্যপ্রদেশে গরুর সঙ্গে অস্বাভাবিক সম্পর্কের অভিযোগে মুহাম্মদ শহিদ নামের এক ব্যক্তির গলায় জুতার মালা পরিয়ে হাঁটিয়েছেন স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ও গ্রামের বাসিন্দারা।
এনডিটিভি জানায়, শনিবার রাজ্যের আগার মালওয়া জেলার নালাখেদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনার সূত্রপাত হয় ৯ সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় ইদগাহ মাঠের পাশে ৫৫ বছর বয়সী শহিদকে গরুর সঙ্গে ‘অস্বাভাবিক আচরণে’ লিপ্ত হতে দেখেন স্থানীয় কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা শনিবার এ তথ্য পৌঁছান গ্রামের হিন্দুত্ববাদী সংগঠনের কাছে। পরে সে সংগঠনের সদস্যরা এ কাজের শাস্তি হিসেবে শহিদকে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর পাশাপাশি স্থানীয় বাজারে সবার সামনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সংগঠনটির নেতৃত্বে গ্রামবাসী স্লোগান দিতে দিতে শহিদকে জোর করে জুতার মালা গলায় পরিয়ে স্থানীয় বাজারে হাজির করে।
স্থানীয় পুলিশের উপপরিদর্শক (এসআই) সর্দার সিং পারমার এনডিটিভিকে জানান, ঘটনা জানতে পেরে শহিদকে দ্রুত গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করে পুলিশ। প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নালাখেদা থানার ইনচার্জ নাগেশ যাদব জানান, অভিযুক্তকে শুরুতে তহসিলদারের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় বিচারিক হেফাজতে।