Skip to main content

পিৎজা ডেলিভারিম্যানকে থাপ্পড় ও ৩০ হাজার রুপি দাবি, ভিডিও ভাইরাল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫ ২০২৫, ২৩:৫৭ হালনাগাদ: জুন ১৩ ২০২৬, ০:১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার স্থিরচিত্র। ছবি: এনডিটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার স্থিরচিত্র। ছবি: এনডিটিভি

  • 0

গাড়ির ক্ষতি করেননি উল্লেখ করে জরিমানা দিতে অস্বীকৃতি জানান ডেলিভারিম্যান। একই সঙ্গে গাড়ির সঙ্গে ধাক্কা লাগানোয় দুঃখও প্রকাশ করেন তিনি, কিন্তু তাতেও মন গলেনি নারীর।

ভারতের লক্ষ্ণৌতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিৎজা ডেলিভারিম্যানের কাছে ৩০ হাজার রুপি দাবি করার পাশাপাশি থাপ্পড় মারেন এক নারী।

উত্তর প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহরের ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডেলিভারিম্যান তার মোটরসাইকেলে করে পিৎজা দিতে যাচ্ছিলেন। জনবহুল রাস্তায় এক নারীর গাড়ির পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে করে ওই নারী আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন ডেলিভারিম্যানের দিকে। তিনি গাড়ির ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন ৩০ হাজার রুপি।

এনডিটিভি জানায়, গাড়ির ক্ষতি করেননি উল্লেখ করে জরিমানা দিতে অস্বীকৃতি জানান ডেলিভারিম্যান। একই সঙ্গে গাড়ির সঙ্গে ধাক্কা লাগানোয় দুঃখও প্রকাশ করেন তিনি, কিন্তু তাতেও মন গলেনি নারীর।

তিনি আরও ক্ষুব্ধ হয়ে ডেলিভারিম্যানকে অশ্রাব্য ভাষায় গালি ও চড় দিতে শুরু করেন। দাবিকৃত ৩০ হাজার রুপি দিতে রাজি না হলে ফোন কেড়ে নেওয়া ও থানায় অভিযোগের হুমকিও দেন ওই নারী।

প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিও দেখে নেটিজেনরা সমাজে একে অন্যের প্রতি আন্তরিকতার অভাব, আগ্রাসী আচরণ ও ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন।

ভিডিওর নিচে একজন মন্তব্য করেন, ‘এই দুর্বব্যবহারের জন্য ওই নারীকে গ্রেপ্তার করা উচিত। যদিও এমন ঘটনা আমাদের সমাজে নতুন নয়। আমাদের সামাজিক ব্যবস্থাই এমন আচরণ করার সুযোগ করে দেয়।’

আরেকজন মন্তব্য করেন, ‘এ ধরনের আচরণ শুধু একটি নেতিবাচক ঘটনাই নয়, নিরীহ খেটে খাওয়া মানুষের জন্য সম্মানহানিকরও।’