প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গণবিতাড়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠের সবচেয়ে সক্রিয় বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসে জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ প্রক্রিয়ায় বয়সের বাধা কাটানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এতদিন আইসের বিভিন্ন পদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩৭ কিংবা ৪০ বছর, তবে সে সীমা তুলে দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস।
ইউএসএ টুডে বুধবার জানায়, ১০ হাজার পর্যন্ত বিতাড়ন এজেন্ট ও সহায়ক কর্মী নিয়োগে আগ্রাসীভাবে এগোচ্ছে আইস।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান, ১৮ বছরের বেশি বয়সী যে কেউ আইসে যুক্ত হতে আবেদন করতে পারবেন।
তিনি বুধবার ফক্স নিউজকে জানান, তারা বয়সসীমার বাধা অপসারণ করেছেন। ১৮ বছর হলেই আবেদন করা যাবে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নিয়োগের ওয়েবসাইটে চল্লিশের দশকে সেনাবাহিনীতে নিয়োগের একটি পোস্টার যুক্ত করে বলা হয়, ‘অ্যামেরিকা অপরাধী ও শিকারিদের আক্রমণের শিকার হয়েছে। তাদের বের করতে আপনাকে দরকার আমাদের।’
আইসের অভিবাসন আইন বাস্তবায়ন অভিযান ও বিতাড়ন চেষ্টাকে শক্তিশালী করা এবং হাজারো নতুন এজেন্ট নিয়োগ করতে জুলাইয়ে ৩০ বিলিয়ন ডলার তহবিলের অনুমোদন দেয় কংগ্রেস।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় বাহিনীতে ছয় হাজারের মতো বিতাড়ন এজেন্ট ছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোম ফক্স নিউজকে জানান, ডিপার্টমেন্ট এরই মধ্যে চাকরির ৮০ হাজার আবেদন পেয়েছে।