ওমানে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ২১ জন প্রবাসী নারীসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এই তথ্য নিশ্চিত করেছে।
গালফ নিউজ জানিয়েছে, মাস্কাট গভর্নরেটের উইলায়াত অফ মুত্রাহর একটি হোটেল থেকে এই নারীদের গ্রেপ্তার করা হয়েছে।
আরওপির এক বিবৃতিতে বলা হয়েছে, মাস্কাট পুলিশ কমান্ড এসব ব্যক্তিদের আটক করেছে এবং বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
গত মাসে, একই অভিযোগে ওমান জুড়ে ৬০ জনেরও বেশি প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। আটক নারীদের মধ্যে ২৩ জন মিশরীয়, ১৩ জন ইরানি, ১৪ জন পাকিস্তানি, চারজন থাইল্যান্ডের, দুজন উজবেকার, দুজন মরক্কোর, তিনজন সিরিয়ার ও একজন বাংলাদেশি ছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে পতিতাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ওমানি কর্তৃপক্ষ। ওমানে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে পরিচালিত গ্যাং এসব পতিতাবৃত্তির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ওমানি দণ্ডবিধির ২৫ ধারা অনুযায়ী, যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে বা অশ্লীল বক্তব্য দিলে তাকে ১০ দিন থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০০ থেকে ৩০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।