থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভ্রমণকারীদের বাড়তি চাপের মধ্যে বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৩৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরে আসা ও ছেড়ে যাওয়া আরও ৭০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে ঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও বন্যা দেখা দিতে পারে। বৃহস্পতিবার পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সিটির বার্ষিক ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে বুধবার নিউ ইয়র্ক সিটির দক্ষিণ অংশ ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় জোয়ারের উচ্চতা বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃহস্পতিবার কিছু এলাকায় পানির উচ্চতা ৮ ফুটের বেশি হতে পারে। প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশেও ঝড়ের পূর্বাভাস রয়েছে।
এদিকে থ্যাংকসগিভিং ছুটিতে আমেরিকার অন্তত ৮ কোটি ১৫ লাখ মানুষের ভ্রমণের পূর্বাভাস দিয়েছে দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)। সাত দিনের ছুটিতে বাড়ি থেকে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন তারা।