কিউবার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত তেল অবরোধ চলমান থাকার মাঝেই কিউবার উদ্দেশে জ্বালানি বহনকারী একটি বড় কার্গো জাহাজ আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২ অক্টোবর) নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০০ ফুট (৯১ মিটার) দীর্ঘ ‘গ্রেইস’ নামের জাহাজটি গত ৫ সেপ্টেম্বর ক্যারিবীয় সাগরে কিউবা ও মেক্সিকোর মধ্যবর্তী এলাকায় আটক করা হয়। কর্তৃপক্ষকে এড়িয়ে যেতে জাহাজটি ‘ডার্ক ফ্লিট’ কৌশল ব্যবহার করেছিল বলে কোস্ট গার্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ইউএস কোস্ট গার্ড।
ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছে, তাদের লক্ষ্য কিউবার সরকার পরিবর্তন করা। চলতি বছরের শুরুতে অ্যামেরিকার আরোপ করা তেল অবরোধের কারণে দেশটি তীব্র সংকটে পড়েছে। অবকাঠামোর দুরবস্থার কারণে জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে।
অ্যামেরিকা জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর কিউবার প্রচলিত জ্বালানি সরবরাহকারী ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে তেল সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। অ্যামেরিকার কোস্ট গার্ডের জাহাজগুলো কিউবার উপকূলীয় জলসীমায় টহল দিচ্ছে। একই সময়ে নিষেধাজ্ঞা ও হুমকির কারণে ট্যাংকারগুলো যাত্রা শুরু করতেও নিরুৎসাহিত হচ্ছে।
‘গ্রেইস’ জাহাজটিতে ঠিক কত পরিমাণ জ্বালানি ছিল, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। কোস্ট গার্ডের কর্মকর্তারা জ্বালানির গন্তব্য কিউবা সম্পর্কে নিশ্চিত হওয়ার ব্যাপারটি প্রকাশ করেননি। তবে তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট মূল্যায়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল।