নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসে রবিবার কর্মঘণ্টার বাইরে থাকা এক পুলিশ কর্মকর্তার গুলিতে মপেডে চড়ে আসা ৩০ বছর বয়সী এক অস্ত্রধারী নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ সোমবার জানায়, রবিবার রাত পৌনে ১০টার ঠিক আগে মপেড আরোহী দুই ব্যক্তি পুলিশ কর্মকর্তার কাছে আসেন। তারা পুলিশ সদস্যের কাছে একজন ব্যক্তির নাম জানতে চান।
প্যাট্রল বোরো অব ম্যানহাটন নর্থের নির্বাহী কর্মকর্তা ডেপুটি চিফ এরিক প্যাগান জানান, পুলিশ কর্মকর্তার দিকে বন্দুক তাক করেন মপেডে চড়া এক ব্যক্তি। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ কর্মকর্তা তার বন্দুকটি বের করে কয়েকটি গুলি ছোড়েন।
গুলিবিদ্ধ ব্যক্তিকে হারলেম হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের ধারণা, গুলিতে প্রাণ হারানো ব্যক্তি অনথিভুক্ত অভিবাসী, যিনি ডমিনিকান রিপাবলিক থেকে টেক্সাসের এল পাসো সীমান্ত দিয়ে ২০২৪ সাালের জুনে অ্যামেরিকায় প্রবশে করেন।
মপেডে চড়া দ্বিতীয় ব্যক্তি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মপেডে আসা ওই দুই ব্যক্তি রবিবার রাতে ২০ মিনিটের ব্যবধানে বন্দুক ঠেকিয়ে কমপক্ষে তিনটি ডাকাতিতে জড়িত। তাদের খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, রবিবারের একটি ঘটনার শিকার হয় এক দম্পতি। তাদের স্বর্ণালংকার নিয়ে যান দুজন।
নিউ ইয়র্ক সিটিতে তিন দিনের ব্যবধানে কর্মঘণ্টার বাইরে থাকা দুই পুলিশ কর্মকর্তার গুলিতে দুজন নিহত হয়েছেন।
স্ট্যাটেন আইল্যান্ডে শুক্রবার রাতে কর্মঘণ্টার বাইরে থাকা পুলিশ কর্মকর্তার গুলিতে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।