পূর্ব উপকূল বরাবর ধেয়ে আসা একটি উপকূলীয় ঝড়ের প্রভাবে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট তথা ট্রাই স্টেইট এলাকায় ভারী তুষারপাত দেখা দিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার তুষারপাত শুরু হয়ে স্থায়ী হতে পারে সোমবার পর্যন্ত।
এ সময়ের ভিতর নিউ ইয়র্ক সিটিতে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। সেই সঙ্গে লং আইল্যান্ড ও নিউ জার্সির উপকূলীয় এলাকাগুলোতে ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্য আটলান্টিক উপকূল দিয়ে অগ্রসর হওয়ার সময় ঝড়টি দ্রুত তীব্র আকার ধারণ করবে। যার ফলে পার্শ্ববর্তী শহর ও জনপদে তুষারপাত ও দমকে বাতাস বইতে দেখা যাবে।
তবে উপকূলীয় এ ঝড়ের গতিপথ পরিবর্তন হলে তুষারপাতের পরিমাণ কমতে কিংবা বাড়তে পারে।
তুষারপাতের পর মঙ্গলবার থেকে স্বাভাবিক আবহাওয়া ও রৌদ্রজ্জ্বল দিনের দেখা মিলতে পারে বলে জানান আবহাওয়াবিদরা।