নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৩জন নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়,সোমবার দুপুর সাড়ে ১২টার আগে বোরোর আ্যভরি ও পপল আ্যভিনিউ মধ্যবর্তী কলেজ পয়েন্ট বুলেভার্ডে এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই জানায়, আগুনে প্রাণ হারানো ভুক্তভোগী ছাড়াও আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও চারজন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে পাঁচজন দমকলকর্মীকেও চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, আগুনের সময় তিনজন তৃতীয় তলা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। এছাড়া দ্বিতীয় তলা থেকে একজনকে উদ্ধার করা হয়।
ঘটনার সময় ফায়ার ফাইটার ও জরুরি সেবা কর্মীরা রাস্তায় দাঁড়িয়েই কয়েকজনকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন।
এফডিএনওয়াই আরও জানায়, আগুন নেভাতে গিয়ে উদ্ধারকর্মীরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন, তখন হঠাৎ সিঁড়িঘরটি ধসে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যান। পরে অন্য উদ্ধারকর্মীরা তাদের সেখান থেকে বের করে আনেন।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য ২৩০ জনেরও বেশি ফায়ার ফাইটার ও জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে কাজ করেন।
অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন।