সুদানে বেসামরিক মানুষের ওপর ক্রমবর্ধমান ড্রোন হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির দারফুর অঞ্চলে একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ১০২ জন নিহত হওয়ার পর এ প্রতিক্রিয়া জানায় জাতিসংঘ।
শনিবার (৩১ অক্টোবর) জেনেভায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সুদানের সংঘাতরত পক্ষগুলোর ড্রোন হামলায় সাধারণ মানুষের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে। গুতেরেস এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সংঘাতরত পক্ষগুলোর ক্রমবর্ধমান ড্রোন হামলায় দেশজুড়ে শত শত মানুষ নিহত হয়েছেন। এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে সংঘর্ষ বন্ধে সম্মত হওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস। তাঁর মতে, ভয়াবহ এই সংঘাত অবসানের প্রথম পদক্ষেপ হতে পারে শত্রুতা বন্ধ করা।
সোমবার দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় তানকোনজ বাজারে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটে। এলাকাটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দেশটির দারফুর অঞ্চলে আরএসএফ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে।
যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ করা এই সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। জাতিসংঘের ভাষায়, এটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট।