নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’
বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা আন্তর্জাতিক নিরাপত্তা, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে বক্তব্য দেবেন।
দীর্ঘদিনের রীতি অনুযায়ী সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বক্তব্য দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এরপর বক্তব্য দেবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
প্রথম দিনের সকালের অধিবেশনে আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের।
পরবর্তী অধিবেশনে বক্তব্য দেবেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক গিয়োম এবং অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনসো।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বক্তব্য দেবেন। এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি বক্তব্য রাখবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের ভাষণে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার গুরুত্ব পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর। মূল সাধারণ বিতর্ক চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২৮ সেপ্টেম্বর শেষ বক্তৃতার মধ্য দিয়ে অধিবেশনের এই পর্বের সমাপ্তি হবে।