আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
- 0

প্রকাশিত: নভেম্বর ২৭ ২০২৬, ১৬:৫৬

বার্ষিক মেরামত, সংরক্ষণ কাজ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ঝিনাইদহের মহেশপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ জানায়, ৩৩/১১ কেভি মহেশপুর উপকেন্দ্রে বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজ এবং বিদ্যুৎ লাইনের সংস্পর্শে থাকা গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত কাজ শেষ হলে উল্লেখিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
অন্যদিকে, রাজশাহীর বিবিবি-কাশিয়াডাঙ্গা, নেসকো দফতরের আওতাধীন বিভিন্ন এলাকায় ৩৩ কেভি লাইনের পাশে গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য তিন ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো জানায়, শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর থেকে কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি লাইনের সম্পূর্ণ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকা বিদ্যুৎহীন থাকবে। তবে ১১ কেভি দারুশা ও সিলিন্দা ফিডার সিটিহাট ৩৩/১১ সাবস্টেশন থেকে চালু থাকবে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম থেকে কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি লাইনের সম্পূর্ণ ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য সব ফিডার চালু থাকবে।
সাতক্ষীরার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- ইটাগাছা, বাঁকাল, খড়ির বিল, বাটকে খালী, রইচপুর, কুকরালী, পারুচক্রালী, দোহাখুলা, মিয়া সাহেবের ডাঙ্গী, ঘুডেঁর ডাঙ্গী, রামচন্দ্রপুর, সুলতানপুর ও এর আশপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে বা পরে কাজ শেষ হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাইন সচল আছে বিবেচনা করে সতর্ক থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তন হতে পারে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সদর দফতরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, দক্ষিণ সুরমা গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি গোটাটিকর লাইনের রাইট অব ওয়ে বরাবর গাছপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন শ্রীরামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ইন্ডাস্ট্রি, বিসিক, চান্দাই, শিববাড়ী বাজার ও কদমতলী ফিডারে এ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিসিক, কদমতলী, গোটাটিকর, আলমপুর, সোনারগাঁও আবাসিক এলাকা, পালপুর, শিববাড়ী বাজার, ফকিরপাড়া, পৈত্যপাড়া, জৈনপুর, পাঠানপাড়া, হুমায়ুন রশিদ চত্বর, ঝালোপাড়া, ভার্থখলা, খোজারখলা, টেকনিক্যাল রোডসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সব সময় চালু আছে বলে গণ্য করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সমতির ৪ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

