ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকায় বসবাসকারী বিরল আদিবাসী জনগোষ্ঠী আওয়ার প্রায় ২০ সদস্যের একটি দল লোকালয়ে বেরিয়ে এসেছে। সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে ঘটে যাওয়া এ ঘটনা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। লোকালয়ে এসে ওই আদিবাসীরা খাবার চান।
ব্রিটেনভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করে। সংগঠনটি এ ঘটনাকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করেছে।
আওয়া জনগোষ্ঠীর একটি অংশ দীর্ঘদিন ধরে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়াই আমাজন বনের গভীরে বসবাস করছে। তারা মূলত শিকার, মাছ ধরা এবং বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবনযাপন করে।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিবরণ তারা পর্যালোচনা করছে। তবে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ সরকারের নেই। দেশটির নীতি অনুযায়ী, এ ধরনের জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা হয়।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার একটি সরকারি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি এবং গুয়াজাজারা আদিবাসীদের বসতি তাওয়ারির কাছে এ ঘটনা ঘটে। গুয়াজাজারা সম্প্রদায়ের সদস্যরা ভিডিওটি ধারণ করেন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে কাজ করা আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য অ্যামাজন’-এর অনুরোধে তারা ভিডিওটি প্রকাশ করেছে।
বন উজাড় ও অনুপ্রবেশকারীদের মুখে আওয়ারা
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম ঝুঁকির মধ্যে লোকালয়ে প্রবেশ করেছেন। তাদের বসবাসের এলাকার চারদিক থেকে বহিরাগতরা প্রবেশ করছে। এতে বনভূমির আয়তন কমে আসছে এবং তারা ক্রমেই ছোট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ছে।
মারানিয়াওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা বলেছে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। কারণ, অপরিকল্পিত যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগ তাদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে।
গত কয়েক দশকে আমাজন অঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো অবৈধ খনিশ্রমিক, কাঠুরে ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশের মুখে পড়েছে। বাইরের মানুষের সংস্পর্শে আসার কারণে এসব জনগোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার নজিরও রয়েছে।