নিউ জার্সির নিউপোর্ট স্টেশনে সোমবার সকালে পূর্বমুখী একটি ট্রেনের নিচে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন এক ডজনের বেশি ব্যক্তি।
এ ঘটনায় নিউ জার্সির কয়েকটি পাথ লাইনে ট্রেন চলাচল কয়েক ঘণ্টার জন্য স্থগিত হয়ে যায়।
পোর্ট অথরিটি অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি-পিএএনওয়াইএনজের সংক্ষিপ্ত বিবৃতির বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, সকাল ৬টা ১৯ মিনিটে ধরা এ আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেন।
পিএএনওয়াইএনজের এক মুখপাত্র জানান, যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, নিশ্বাসের সঙ্গে ধোঁয়া যাওয়া ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনের পরিস্থিতির পরবর্তী মূল্যায়নের জন্য নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর হবোকেন থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং জার্নাল স্কয়ার থেকে থার্টিথার্ড স্ট্রিট লাইনে ট্রেন চলাচল শুরু হয় বেলা ১১টার দিকে।
আগুনের কারণ নিয়ে তদন্ত চলছে।