সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথকে অভিশংসন বা পদচ্যুত করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার ও ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।
সংবাদমাধ্যম এবিসি নিউজকে রোববার এক সাক্ষাৎকারে তিনি জানান, হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।
জেফ্রিস বলেন, ‘হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে একটি বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।
‘এ যুদ্ধের কারণে দেশে পণ্যের দাম বেড়েছে এবং নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে। তাই হেগসেথকে দায়িত্ব থেকে সরে যেতে হবে।‘
হাউস অব রিপ্রেজেনটেটিভসের সব ডেমোক্র্যাট সদস্য এই অভিশংসন প্রস্তাবের পক্ষে থাকবেন কি না, জানতে চাইলে জেফ্রিস জানান, মঙ্গলবার সকালে এ বিষয়ে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের পর ওই দিনই প্রথমবারের মতো ওয়াশিংটনে একত্রিত হবেন ডেমোক্র্যাট সদস্যরা। প্রস্তাবটির পক্ষে ব্যাপক সমর্থন পাওয়া যাবে বলে জেফ্রিস আশাবাদী।
এদিকে কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি জানিয়েছেন, সোমবারের মধ্যেই হেগসেথকে অভিশংসনের প্রস্তাব আবারও উত্থাপন করবেন তিনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়ানো ম্যাসি এর আগেও হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছিলেন।
ম্যাসির প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
তবে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, হেগসেথ ‘চমৎকার কাজ’ করছেন। একই দিন এবিসি নিউজের উপস্থাপক জোনাথন কার্লকে ট্রাম্প বলেন, হেগসেথকে দায়িত্বে রাখার ব্যাপারে তার পূর্ণ ইচ্ছা রয়েছে।
অন্যদিকে নিজের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হেগসেথ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, একজন ক্ষুব্ধ ও পরাজিত কংগ্রেস সদস্য তার ডেমোক্র্যাট মিত্রদের নিয়ে এই ভুয়া অভিশংসন প্রস্তাব এনেছেন।