ইয়েমেনের বনি হাশিশ জেলায় ভয়াবহ বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছে হুথি গোষ্ঠী। শনিবার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী সানার নিকটবর্তী এলাকায় ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
এই হামলার পর পরই পাল্টা জবাবে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
তবে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রিয়াদের আকাশে মিসাইল ও ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে সৌদি জোট। রিয়াদের পর সৌদির জিযান ও নাজরানেও হুথি হামলার সর্তকর্তা জারি করা হয়।
অন্যদিকে, তাইয প্রদেশের আল মিসরাখ জেলায় হুথিদের অবস্থাানে তিনটি বিমান হামলার খবর দিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। তাইয শহরে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও, প্রদেশটির বেশিরভাগ অঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
কেন্দ্রীয় শহরটি দখলের জন্য এক মাসেরও বেশি সময় ধরে শহরটি অবরুদ্ধ করে রেখেছে হুথি বিদ্রোহীরা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে তাইযে জরুরি সংকট দেখা দিয়েছে। খাদ্য ও জরুরি পণ্যের পাশাপাশি শহরটিতে চিকিৎসা ব্যবস্থাও হুমকির মুখে পড়েছে।
তাইয দখল ও বিপরীতে হুথিদের হাত থেকে প্রদেশের অন্যান্য এলাকা সরকারি বাহিনীর পুনরুদ্ধারের লড়াইয়ে পুরো তাইযে চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।