বাংলাদেশসহ ১৪টি দেশের কিছু পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন । এসব দেশের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন, সরকারি ভর্তুকি ও বাণিজ্য প্রতিবন্ধকতার মাধ্যমে আমেরিকান উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে ওয়াশিংটন।
ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভস (ইউএসটিআর) আট মাসের তদন্ত শেষে গতকাল বুধবার এ প্রস্তাব প্রকাশ করে। শুল্কের আওতায় থাকা অন্য দেশগুলো হলো চীন, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রস্তাব অনুযায়ী, চীনের অনেক পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে আলোচনায় সমাধান না হলে দেশটির সব পণ্যে শুল্কের হার ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন- ইইউর পণ্যে বিদ্যমান শুল্কের অতিরিক্ত ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী তা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং বাংলাদেশের ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য দেশগুলোর ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে বলে জানান হয়েছে।
প্রস্তাবের বিষয়ে জনমত জানানোর শেষ সময় ২০২৭ সালের ৫ জানুয়ারি। ২৫ জানুয়ারি থেকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুল্ক কার্যকরের নির্দিষ্ট তারিখ জানায়নি ইউএসটিআর।