ইতালীয় নাগরিক ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির অভিবাসন কতৃপক্ষ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলগার তুর্ক। শুক্রবার (২৭ নভেম্বর), কোস্টারিকার কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির নাগরিক আলবানিজ বৃহস্পতিবার কোস্টারিকার রাজধানী সান হোসের কাছে হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দেশটির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব কোস্টারিকা থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর জানিয়েছে, কথিত জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আলবানিজকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, একটি সতর্কবার্তা পাওয়ার পর জাতীয় নিরাপত্তাব্যবস্থার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলবানিজ অভিযোগ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, তাকে জোর করে বিমানে তুলে প্যারিসে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে তাকে যুক্ত করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
ইসরায়েলের গাজা অভিযানের অন্যতম আন্তর্জাতিক সমালোচক হিসেবে পরিচিত আলবানিজ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তার বিভিন্ন বক্তব্য ও প্রতিবেদন নিয়ে ইসরায়েল এবং দেশটির মিত্রদের সমালোচনা রয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত-সংক্রান্ত কর্মকাণ্ডের কারণে আমেরিকাও তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের নেতৃত্বে কোস্টারিকা নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। দীর্ঘদিন বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সমর্থনের জন্য পরিচিত দেশটির পররাষ্ট্রনীতিতে এ পরিবর্তন নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: রয়টার্স