নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছর বয়সী শিশুর পরিচয় প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
পুলিশ জানায়, নিহত শিশুটির নাম জাকারিয়া পাদিলা। তার বাড়ি সিটির ব্রুকলিনে।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার পর রকআ্যওয়ে পার্কওয়ে ও লিনডেন বুলেভার্ডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
ওই সময় শিশুটি তার মায়ের কাছ থেকে সরে গিয়ে হঠাৎ রাস্তায় দৌড়ে যায়। এমন সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে একটি এসইউভি গাড়ি তাকে প্রায় ১৫০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়।
দুর্ঘটনার পর শিশুটির মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, একটি সাদা রঙের ফর্ড এসইউভি গাড়ি সর্বশেষ রকআ্যওয়ে পার্কওয়ে দিয়ে উত্তরমুখী যেতে দেখা গেছে।
পুলিশ ঘটনাটির সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন চালককে শনাক্ত করার চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সিটির পরিসংখ্যান অনুযায়ী, রকআ্যওয়ে পার্কওয়ে ও লিনডেন বুলেভার্ড মোড়টি নিউইয়র্কের অন্যতম ঝুঁকিপূর্ণ সংযোগস্থল।
গত চার বছরে সেখানে অন্তত ৩০ জন পথচারী গাড়ি বা ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন।