হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলের নিকটে বিধ্বস্ত হওয়া অ্যামেরিকান সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে অ্যামেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটির কারণ এখনও স্পষ্ট নয়। তবে সেন্টকম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হেলিকপ্টারটি আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।
অ্যামেরিকান সংবাদমাধ্যম এবিসি নিউজকে এক কর্মকর্তা জানান, পাইলটদের একটি মানববিহীন সারফেস ভেসেল বা সামুদ্রিক ড্রোনের মাধ্যমে উদ্ধার করা হয়। ড্রোনটি পাইলটদের তুলে নিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।
এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারের দুই ক্রু সদস্য নিরাপদে আছেন। তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প বলেন, ঘটনাটি নিয়ে খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সেন্টকম সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয় অ্যামেরিকান নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশন। এছাড়া অ্যামেরিকান বিমানবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিটও এতে সহায়তা করে। অংশ নেয় অ্যামেরিকান পঞ্চম নৌবহরের টাস্ক ফোর্স-৫৯।
টাস্ক ফোর্স-৫৯ অ্যামেরিকান নৌবাহিনীর প্রথম বিশেষ ড্রোন ইউনিট, যা বিভিন্ন ধরনের মানববিহীন নৌযান পরিচালনা করে। এক অ্যামেরিকান কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে ব্যবহৃত ড্রোনটির নকশা ছিল উচ্চগতির স্পিডবোটের মতো।