Skip to main content

ফেডারেল সরকার সচলে আবারও ব্যর্থ দুই দল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ১:১৫ হালনাগাদ: এপ্রিল ১৩ ২০২৬, ১৬:০৪

অ্যামেরিকার আইনসভা সিনেট অধিবেশনের একটি চিত্র। ছবি: রয়টার্স

অ্যামেরিকার আইনসভা সিনেট অধিবেশনের একটি চিত্র। ছবি: রয়টার্স

  • 0

শাটডাউন বন্ধে তহবিল নিশ্চিত করতে প্রয়োজন ছিল অন্তত ৬০ টি ভোট। কিন্তু দুই পক্ষের ৫৪-৪৪ ভোটে ব্যর্থ হয় ফেডারেল সরকার সচলের সম্ভাবনা।

অ্যামেরিকায় চলমান ফেডারেল অচলাবস্থার তৃতীয় দিনে দেশটির আইনসভা সিনেটে হাজির হয় সরকার দলের রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলীয় ডেমোক্র্যাট পার্টি। উদ্দেশ্য শাটডাউন বন্ধে সুনির্দিষ্ট ভোট প্রাপ্তির মাধ্যমে তহবিল বরাদ্দ দেওয়া।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার সিনেটে রিপাবলিকানদের প্রস্তাব মেনে সরকারি সংস্থা পুনরায় চালু করার তহবিল নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের ওপর চাপ প্রয়োগ করেন।

শাটডাউন বন্ধে তহবিল নিশ্চিত করতে প্রয়োজন ছিল অন্তত ৬০ টি ভোট। কিন্তু দুই পক্ষের ৫৪-৪৪ ভোটে ব্যর্থ হয় ফেডারেল সরকার সচলের সম্ভাবনা।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অন্তত আগামী সোমবার পর্যন্ত শাটডাউন বহাল থাকবে বলে জানিয়েছে সিনেট।

মূলত সরকারি সংস্থার কার্যক্রম চলমান রাখতে তহবিল বরাদ্দের বিভিন্ন প্রস্তাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের মতবিরোধ থেকেই শুরু হয় শাটডাউন। শুরু থেকেই এ পরিস্থিতির জন্য ডেমোক্র্যাট নেতাদের দোষারোপ করে আসছেন ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় বারের মতো অচলাবস্থা বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় নানাভাবে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট।

এরই মধ্যে ডেমোক্রেট প্রতিনিধিত্বশীল স্টেইটগুলোর ২৮ বিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

দ্বিতীয় দফার প্রচেষ্টা ব্যর্থ হবার পর সর্বশেষ শুক্রবার শিকাগোর পরিবহন খাতে বরাদ্দ দুই দশমিক এক বিলিয়ন ডলার তহবিল স্থগিত করেন ট্রাম্প। সেখানে ন্যাশনাল গার্ডের সদস্যদের পাঠানোর হুমকিও দেন তিনি।

এছাড়া অরেগোনের পোর্টল্যান্ড শহরের তহবিল স্থগিত করা হতে পারে বলে জানায় হোয়াইট হাউজ মুখপাত্র।

ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতা ও বিশ্লেষকরা বলছেন,অচলাবস্থায় বিরোধী দলকে কোণঠাসা করতে ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করছেন ট্রাম্প।

উপরন্তু, ট্রাম্প সরকার জানিয়েছে তারা অচলাবস্থায় তিন লাখ ফেডারেল কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে। ফেডারেল সরকার সচল না হলে কর্মী ছাটাই ব্যাপক হারে চলবে বলেও বিরোধী দলকে হুমকি দেন প্রেসিডেন্ট।

কতদিন চলবে শাটডাউন

শাটডাউন বন্ধে দ্বিতীয় পদক্ষেপের পর আগামী সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি করে সিনেট। অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত ফেডারেল সরকার সচল হবে না। পরের সপ্তাহে প্রতিনিধি পরিষদের সদস্যরা স্টেইটের বাইরে থাকার কারণে সিনেট কোনো সমঝোতার পক্ষে ভোট গ্রহণ করতে পারবে না বলে জানায় সংবাদমাধ্যম।

তাই এ অচলাবস্থা সোমবারের পরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর তাহলে এটি হবে অ্যামেরিকার ইতিহাসে চতুর্থ বড় ফেডারেল শাটডাউন।