নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে রবিবার মোটরসাইকেলে একটি মার্সিডিজ গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শিপসহেড বে সেকশনের বেল্ট পার্কওয়ে ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, রাত সাড়ে ১১টার পর দুর্ঘটনাস্থলটি ছাড়ছিল সাদা রঙের মার্সিডিজ বেনজ সেডান ও একটি মোটরসাইকেল। পশ্চিমমুখী ঢালে উভয় গাড়িই প্রচণ্ড গতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় মার্সিডিজটি। ওই সময় তীব্র গতিতে ধাক্কা দেওয়া মার্সিডিজটি গিয়ে পড়ে পার্ক করে রাখা তিনটি গাড়ির ওপর।
দুর্ঘটনায় আহত ২২ বছর বয়সী মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে মার্সিডিজের ২৮ বছর বয়সী যাত্রীকে একই হাসপাতালে গুরুতর অবস্থায় নেওয়ার পর তার মৃত্যু হয়।
দুজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনাস্থলের কাছে যাওয়া স্টিফেন লিভশিটস জানান, গভীর রাতে কোনো কারণে বাইরে বের হলে ইঞ্জিনের বিকট শব্দ শোনা যায়। এ থেকে গাড়িগুলো কত গতিতে চালানো হচ্ছে, তা বলা যাবে।
দুর্ঘটনার শিকার মার্সিডিজ চালকের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি যে পুরুষ, সে তথ্যটুকু প্রকাশ করা হয়েছে। তাকে খুঁজছে পুলিশ।