স্পেইনের কাতালনিয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো একজন। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কাতালনিয়ার নেতা সালভাদোর ইয়া সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বার্সেলোনার উত্তরের শহর তোরদেরায় দেয়াল ধসে এক ব্যক্তি মারা গেছেন। ফায়ার সার্ভিস জানায়, মন্তোরনেস দেল ভায়েসে আরো একজনের মৃত্যু হয়। এদিকে বার্সেলোনা থেকে ৫২ কিলোমিটার উত্তরে পিনেদা দে মার এলাকায় নিখোঁজ একজনকে খুঁজছে জরুরি সেবা বিভাগ। এর আগে শনিবার এক শর্তবর্ষী নারী নিহত হন।
ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে কাতালোনিয়ার কর্তৃপক্ষ স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত রেড অ্যালার্ট জারি করে। এ সময় মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘মিনি-হারিকেন’ আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
শনিবারের টানা বৃষ্টিতে বার্সেলোনার কাছের বেলভিতজে ও করনেল্লায় বাড়িঘরে পানি ঢুকে যায় এবং সড়কে যানবাহন পানিতে ডুবে যায়। বার্সেলোনার মহাসড়কেও পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। আঞ্চলিক আবহাওয়া দপ্তর মেতেওকাটের পরিচালক সারাই সারোকা বলেন, ভূমধ্যসাগরের ওপর একটি অস্বাভাবিক আবহাওয়া ব্যবস্থা অবস্থান করছে এবং সেটি কাতালোনিয়ার স্থলভাগে চলে আসতে পারে।
লা ভানগার্ডিয়া’ নিউজপেপার জানিয়েছে, বন্যার কারণে বার্সেলোনা বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। স্থানীয় সব ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। এ ছাড়া দোকানপাট আগেভাগে বন্ধ করে দেওয়া হয়, ফুটবল ম্যাচ স্থগিত করা হয় এবং বার্সেলোনার লিসেউ অপেরা হাউসে ভার্দির ‘আইদা’ অপেরার প্রদর্শনী বাতিল করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে সতর্কতা অব্যাহত রয়েছে।