সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের এই দণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে সংশ্লিষ্ট আদালতে বিচারপ্রক্রিয়া শেষে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা ও স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।