সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একই পরিবারের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। বুধবার ভোররাতে সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।
সহকর্মীদের বরাত দিয়ে বাবা আব্দুল মালেক জানান, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার বড় ছেলে সজীব মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় ফরহাদ হোসেন সুজন।
এদিকে দুই সহোদরের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, সৌদি আরবে দুর্ঘটনায় দুই ভাইরে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।