Skip to main content

শেইনবাউম ও ট্রাম্পের কঠোর অবস্থানে চাপের মুখে হাইতির অভিবাসন প্রত্যাশীরা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২ ২০২৬, ১৪:২৫ হালনাগাদ: এপ্রিল ২২ ২০২৬, ১৮:৫৪

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোলাজ: টিবিএন

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কোলাজ: টিবিএন

  • 0

পূর্বে তাপাচুলা থেকে ভালো জীবনের আশায় অ্যামেরিকার সীমান্তে পাড়ি জমাতেন হাইতির এ অভিবাসীরা। তবে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী কঠোর নীতির পর, তারা সেই আশা হারিয়ে ফেলেছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের কঠোর অবস্থান ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে চাপের মুখে পড়েছেন দেশটিতে অবস্থানরত হাইতির অভিবাসন প্রত্যাশীরা।

সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, মঙ্গলবার মেক্সিকোর সীমান্তবর্তী তাপাচুলা শহর থেকে পায়ে হেঁটে নতুন গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায় দেশটির আশ্রয় প্রত্যাশী শত শত অভিবাসীকে। অজানা ঠিকানার পথে যাত্রা করা অভিবাসী দলের বেশিরভাগই ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতির নাগরিক।

যাত্রারত সদস্যরা জানান, তাদের প্রত্যেকের ইচ্ছা দেশটির রাজধানী মেক্সিকো সিটিসহ বড় শহরগুলোতে নিজেদের আবাস খুঁজে নেওয়া।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পূর্বে তাপাচুলা থেকে উন্নত জীবনের আশায় অ্যামেরিকার সীমান্তে পাড়ি জমাতেন হাইতির অভিবাসীরা। তবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর নীতির পর, তারা সেই আশা হারিয়ে ফেলেছেন। যার ফলে, মেক্সিকোর বড় নগরীগুলোই এখন বেছে নিতে আগ্রহী তারা।

এছাড়াও আশ্রয়প্রার্থী অভিবাসীদের ভাষ্য, তাপাচুলার মতো ছোট শহরে কয়েক মাস বসবাস করলেও তাদের আশ্রয় আবেদনের ইতিবাচক কোনো উত্তর মেলেনা। এ পরিস্থিতিতে রাজধানী শহরে কাজের সন্ধান ও আশ্রয় আবেদন করতে চান তারা।

তবে ২০২৪ সালে শেইনবাউমের দায়িত্বগ্রহণের পর মেক্সিকোর বড় শহরগুলোতেও এখন পাড়ি জমাতে বাধাগ্রস্ত হচ্ছেন এসব অভিবাসীরা।

শেইনবাউম ক্ষমতায় আসার পর, তাপাচুলা থেকে চলে যেতে এখন পর্যন্ত যাত্রা করে ১৮টি অভিবাসী দল। তবে এর কোনোটিই তাপাচুলা সংলগ্ন ওয়াহাকা রাজ্য অতিক্রম করতে পারেনি।

উল্লেখ্য, মেক্সিকোতে আশ্রয়প্রার্থীদের এক-চতুর্থাংশই হাইতির নাগরিক। দেশটির জাতীয় শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১ লাখ ২৭,০০০ হাজার হাইতিয়ান মেক্সিকোতে আশ্রয়ের জন্য আবেদন করেছে।