ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের মতবিরোধের জেরে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসে আংশিক শাটডাউন শুরু হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ এ বিভাগটির তহবিল বরাদ্দ না হওয়ায় শনিবার থেকে এ শাটডাউন শুরু হয়।
গত মাসে মিনেসোটার মিনিয়াপোলিস স্টেইটে আইস কর্তৃক নিহত হন ১ অ্যামেরিকান নারীসহ দুই ব্যক্তি।
ওই ঘটনায় আইসের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ১০ টি দাবি তোলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কারো বাড়িতে প্রবেশের আগে আইসের কাছে ব্যক্তির বিরুদ্ধে বিচারক প্রদত্ত ওয়ারেন্ট থাকা, কর্মকর্তাদের মুখোশ পরা নিষিদ্ধ করা, বডি ক্যামেরা ব্যবহার করা।
তবে ডেমোক্র্যাটদের এসব দাবির বিরোধিতা জানায় রিপাবলিকান পার্টি। তাদের ভাষ্য, এসব দাবি বাস্তবায়ন হলে আইস কর্মকর্তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে।
কংগ্রেসে দুই দলের মতবিরোধের জেরে শুরু হওয়া ডিএইচএসের অচলাবস্থায় বেতনবিহীন কাজ করতে হবে বিভাগটির ৯০ শতাংশ কর্মীর।
একই সঙ্গে তহবিল বরাদ্দ না হওয়ায় ইতোমধ্যে প্রভাব পড়েছে ডিএইচএস অধীন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, ইউ.এস. কোস্ট গার্ড, সিক্রেট সার্ভিস ও ইউ.এস- এর মতো সংস্থাগুলোর ওপর।
তবে ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় কর্তন আইনে আইস ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন-সিবিপি সংস্থা দুটিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ায় কাজ সচল আছে।
আংশিক শাটডাউনটির পর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেসের সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।