সপ্তাহান্তে নজিরবিহীন বিপর্যয়ে পড়ে দেশের অ্যাভিয়েশন খাত। দুই দিনে আকস্মিকভাবে সাড়ে ২২ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। নতুন রাউটারের ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই সংকট—তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
ফ্লাইটের রেকর্ড সংখ্যক বাতিল ও বিলম্ব
দেশজুড়ে এদিন ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। এর আগের দিন প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল ও ৭ হাজার ৫০০টি বিলম্বিত হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর শুক্রবারের পাঁচ ঘণ্টার ন্যাশনওয়াইড গ্রাউন্ড স্টপ ছিল দীর্ঘতম বিমান চলাচল বন্ধের ঘটনা। ওয়ান ইলেভেনের মতো তেমন কোনো ঘটনার খবর না থাকলেও, বিমান চলাচল বন্ধের খবর নিয়ে শুরু হয়েছে রহস্য।
বিপর্যয়ের নেপথ্যে কী?
প্রাথমিক তদন্তে বিপর্যয়ের সম্ভাব্য কারণ হিসেবে সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের স্থাপন করা একটি রাউটারকে চিহ্নিত করা হয়েছে। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি ডাফি জানিয়েছেন, নতুন রাউটার স্থাপনের সময় যোগাযোগ ব্যবস্থায় অতিরিক্ত ডেটার চাপ তৈরি হয়। এতে এফএএর ২২টি এন রুট এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টির যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ে। তবে কোনো কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি।
কর্তৃপক্ষের ধারণা, আরকানসাস ও টেক্সাসে স্থাপন করা রাউটারগুলোর একটিতে অথবা উভয়টিতে সমস্যা দেখা দিয়েছিল। নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছিল। তবে যন্ত্রের ত্রুটি, নাকি স্থাপনের সময় ভুলের কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।
এয়ারলাইনসগুলোর পদক্ষেপ ও আধুনিকায়ন দাবি
এই বিড়ম্বনায় ডেল্টা, ইউনাইটেড ও অ্যামেরিকান এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থা ফ্লাইট বাতিল করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে কয়েকটি এয়ারলাইনস বিনা খরচে টিকিট পুনর্নির্ধারণের সুযোগ দিয়েছে।
এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রবিবারের (১৫ নভেম্বর) রাতের আগে নেই।
নতুন করে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি।
যদিও সাইবার আক্রমণ বা এআই-সংশ্লিষ্ট কোনো ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু এতো বড় ঘটনায় জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছে।