গিনি থেকে বিতাড়িত স্বর্ণখনি শ্রমিকদের মালিতে পালানোর সময় চরম বিশৃঙ্খলা
- 0


প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২৬, ১২:৪২ হালনাগাদ: নভেম্বর ১৩ ২০২৬, ১৩:১৩
গিনিতে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজার হাজার শ্রমিককে উচ্ছেদের পর প্রতিবেশী দেশ মালিতে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে মালিতে আশ্রয় নেওয়া শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অনেকেই চরম দুর্ভোগে পড়েছেন। পালানোর সময় ধাক্কাধাক্কি, চিৎকার ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে মালির কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বরের শুরুতে গিনির উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণখনি বন্ধে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে দেশটির সরকার। এরপর থেকে হাজার হাজার বিদেশি শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মালিতে প্রবেশ করতে শুরু করেন।
মালির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ দেশটিতে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় এক লাখ রাজধানী বামাকোতে এবং ৬০ হাজার সীমান্তবর্তী শহর কৌরেমালেতে অবস্থান করছেন।
উচ্ছেদ হওয়া ব্যক্তিদের অধিকাংশই বুরকিনা ফাসোর নাগরিক। এ ছাড়া আইভরি কোস্ট, সেনেগাল, টোগো ও বেনিনের নাগরিকরাও রয়েছেন বলে জানিয়েছে মালির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্ত্রীকে খুঁজছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী
উচ্ছেদের সময় পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। ৪১ বছর বয়সী আইভরি কোস্টের নাগরিক মোসা কোনাতে কয়েক দিন ধরে তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুঁজছেন। গিনি থেকে পালানোর সময় ভিড়ের মধ্যে তাঁরা আলাদা হয়ে যান।
মালির রাজধানী বামাকোর কাছে উয়েজিন্দুগুতে স্থাপিত একটি অভ্যর্থনা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারদিকে ধাক্কাধাক্কি, চিৎকার ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
নতুন আসা ব্যক্তিদের কাছে কয়েক দিন ধরে স্ত্রীর খোঁজ করেও কোনো সন্ধান পাননি বলে জানান তিনি।
১২৫ কিলোমিটার হেঁটে মালিতে
মালির উয়েজিন্দুগু অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছাতে সীমান্তবর্তী কৌরেমালে থেকে অনেক শ্রমিককে প্রায় ১২৫ কিলোমিটার পথ হেঁটে আসতে হয়েছে। দীর্ঘ যাত্রায় ক্লান্ত হাজারো মানুষকে খোলা জায়গায় মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। অস্থায়ী তাঁবু ও ত্রিপল দিয়েও পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বুরকিনা ফাসোর ২১ বছর বয়সী শ্রমিক আলাসানে কাবোরের হাঁটুতে কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। দীর্ঘ পথ হেঁটে আসার কারণে তিনি ঠিকমতো চলাফেরাও করতে পারছিলেন না।
তিনি এএফপিকে বলেন, পালানোর সময় কেউ মারধরের শিকার হয়েছেন, আবার কেউ আতঙ্কের মধ্যে পরিবারের সদস্য ও স্বজনদের হারিয়েছেন। তাঁদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা কারও কাম্য নয়। বর্তমানে তাঁরা নিজেদের মর্যাদাহীন ও পরিত্যক্ত মনে করছেন।
একইভাবে বুরকিনা ফাসোর আরেক শ্রমিক সেদু ত্রাওরে জানান, গিনিতে কাজ করে উপার্জন করা অর্থ, স্বর্ণের টুকরা, কোদাল ও পোশাকসহ সবকিছু ফেলে আসতে হয়েছে তাঁকে। জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ায় কোনো কিছু সংগ্রহ করার সুযোগ পাননি তিনি।
মানবিক সহায়তায় প্রয়োজন প্রায় ০.৩৯ মিলিয়ন ডলার
মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই মানবিক সংকট মোকাবিলায় প্রায় ২২৮ মিলিয়ন পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঁ বা প্রায় ০.৩৯ মিলিয়ন ডলার।
এদিকে মালিতে পৌঁছানোর পর অন্তত ছয় নারী সন্তান জন্ম দিয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বর্তমানে দেশটির সরকার, মানবিক সহায়তা সংস্থা ও স্থানীয় বাসিন্দারা আশ্রয় নেওয়া শ্রমিকদের খাবার ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছেন। তবে এরই মধ্যে দেশটিতে জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৫০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। নতুন করে এত মানুষের আগমনে পরিস্থিতির ওপর আরও চাপ তৈরি হয়েছে।
নিরাপত্তা নিয়েও উদ্বেগ
শ্রমিকদের এই ঢল নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথাও জানিয়েছে মালির কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, এসব মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তাঁরা যাতে জিহাদি বা সন্ত্রাসী নেটওয়ার্কের নিয়োগের লক্ষ্যবস্তুতে পরিণত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার।
মালির কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ হওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইভরি কোস্ট তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ায় বুরকিনা ফাসো ইতোমধ্যে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে।
বুধবার বুরকিনা ফাসো জানায়, মালির সঙ্গে পরিচালিত প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় ৩৭ হাজার ১৩৬ জন দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৭ হাজার ৯৮৮ জন শিশু এবং ১ হাজার ৪৯ জন অন্য দেশের নাগরিক।
গিনিতে গ্রেপ্তার ১২০০ জনের বেশি
এদিকে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযানে গিনির উত্তর-পূর্বাঞ্চলে ১ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজন অবৈধ খনিশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজধানী কোনাক্রিতে এ ঘটনায় প্রথম দফার গণবিচারও শুরু হয়েছে।
গিনি সরকার বলছে, অনিয়ন্ত্রিত স্বর্ণ উত্তোলনের কারণে কৃষিজমির অবক্ষয় এবং পানির উৎস দূষিত হচ্ছে। এসব পরিবেশগত ক্ষতি ঠেকাতেই অভিযান চালানো হচ্ছে।
তবে অভিযানকে কেন্দ্র করে হাজার হাজার বিদেশি শ্রমিকের বাস্তুচ্যুতি এবং মালিতে সৃষ্ট মানবিক সংকট পশ্চিম আফ্রিকার দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
সূত্র: এএফপি
