দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে রিপাবলিকানদের সামর্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে খানিকটা কমেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন।
রয়টার্স/ইপসসের নতুন এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিন ধরে এ জরিপ পরিচালনা করা হয়, যার শেষ দিন ছিল রবিবার। এর ফলে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ৪১ শতাংশ উত্তরদাতা, যেখানে গত ৫ থেকে ৯ সেপ্টেম্বর চালানো জরিপে এ সংখ্যা ছিল ৪২ শতাংশ।
জরিপে ৫৪ শতাংশের মতো উত্তরদাতা মনে করেন, জাতীয় অর্থনীতি ঠিক পথে নেই। এ সংখ্যা আগস্টের জরিপে ৫৩ শতাশ এবং জুলাইয়ের জরিপে ছিল ৫২ শতাংশ।
সর্বশেষ জরিপে কেবল ৩৫ শতাংশ উত্তরদাতা অর্থনীতির লাগাম ট্রাম্পের হাতে আছে বলে মত দিয়েছেন। এ ছাড়া ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, জীবনযাপনের ব্যয় ব্যবস্থাপনায় ট্রাম্পের পদক্ষেপ উপযুক্ত।
আগের জরিপগুলোতে উভয় ক্ষেত্রেই সামান্য বেশিসংখ্যক উত্তরদাতা ট্রাম্পের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছিলেন।
অর্থনীতিকে মেরামতে গত বছর প্রতিশ্রুতি দিয়ে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প, কিন্তু তার সে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য সাম্প্রতিককালে পাওয়া যায়নি।
আগস্টে অ্যামেরিকার কর্মসংস্থানে প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে চার দশমিক, তিন শতাংশে নামে, যা গত বছরের মধ্যে সবচেয়ে কম। গত মাসে মূল্যস্ফীতিও বাড়ে।
এর আগে আমদানীকৃত পণ্যের ওপর আগ্রাসীভাবে শুল্ক আরোপের হুমকি দিয়ে অর্থনীতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ান ট্রাম্প। তার এ উদ্যোগে ব্যাপক দরপতন হয় পুঁজিবাজারে।