অ্যামেরিকার উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের নতুন উড়োজাহাজ কেনার চুক্তিকে ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশ ও তুরস্ক মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে।‘ এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্পও রাখা হয়েছে বলে জানান তিনি।
চুক্তিটি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সই হয়।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তিতে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক সহযোগিতা করেছেন।
তিনি বলেন, বোয়িং ও অ্যামেরিকার উৎপাদন খাতের জন্য এটি একটি বড় দিন। তার দাবি, উড়োজাহাজ বিক্রির এই বড় অঙ্কের চুক্তি অ্যামেরিকার রপ্তানি বাড়ানোর পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রাখবে।
ট্রাম্প আরও বলেন, চুক্তিটির আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলারের এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অ্যামেরিকান পণ্য রপ্তানি হবে।
বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করার পর ট্রাম্পের এই মন্তব্য এল।