ইরান যুদ্ধের মূল্য হিসেবে ডেমোক্র্যাট শাসিত শহর লস অ্যাঞ্জেলস ও স্যান ডিয়াগো ধ্বংসের সুযোগ দেওয়া হোক-এমন বক্তব্য দিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ ঘটনায় ক্যালিফোর্নিয়া ও শহর দুটির শীর্ষস্থানীয় নেতারা ট্রাম্পকে বেপরোয়া, উন্মাদ, বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সোমবার রাতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচারণায় রুবি রেড খ্যাত নেব্রাস্কার সমাবেশে বিতর্কিত মন্তব্যটি করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘তারা(ইরান) আমাদের শহর ধ্বংস করে দিতে পারে। তাদেরকে লস অ্যাঞ্জেলস ধ্বংস করতে দিন, স্যান ডিয়াগো ধ্বংস করতে দিন।
‘আমাদের পৃথিবীকে নিরাপদ রাখতে, আমাদের দেশকে নিরাপদ রাখতে, এটি হবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ছোট একটি মূল্য।‘
ডেমোক্র্যাটদের প্রভাব থাকায় পূর্বেও অনেকবার ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়েছে শহর দুটি। শহরগুলোর নিয়ন্ত্রণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করেন ট্রাম্প।
ট্রাম্পের এমন মন্তব্যের পর সঙ্গে সঙ্গে নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর, দুই শহরের মেয়র, ডেমোক্র্যাট ও শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারাও।
ক্যালিফোর্নিয়ার গভর্নর সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘ক্যালিফোর্নিয়াতে ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েনের পর, এখন ট্রাম্প বলছেন আমাদের বৈদেশিক শত্রুরা চাইলে লস অ্যাঞ্জেলস, সান ডিয়াগো ধ্বংস করে দিতে পারেন। তিনি (ট্রাম্প) সত্যিই বেপরোয়া আর বিপজ্জনক।‘
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, ‘তিনি এমন দায়িত্বজ্ঞানহীন হুমকি দিয়েছেন, যা অ্যামেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।‘
এক বিবৃতিতে তিনি বলেন, ‘একজন প্রেসিডেন্টের দায়িত্ব হলো দেশকে সুরক্ষা দেওয়া, দেশকে সক্রিয়ভাবে হুমকি দেওয়া এবং অ্যামেরিকায় জীবনের ওপর হামলায় উৎসাহিত করা নয়।‘
স্যান ডিয়াগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষেত্রে তার শহর কোনো বিনিময়যোগ্য নয়।
এক্স বার্তায় লেখেন, ‘’আমরা ত্যাগযোগ্য নই। এবং আমরা কখনোই ‘দিতে হবে এমন ছোট মূল্য’ নই। আপনার বেপরোয়া যুদ্ধের কথাবার্তা থেকে আমাদের শহরকে দূরে রাখুন।”
উল্লেখ্য দেশের অষ্টম বৃহত্তম শহর স্যান ডিয়াগোতে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো রয়েছে।
ট্রাম্পের এ বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা জানায়নি হোয়াইট হাউস।