ট্রাম্পের ১০০ হাজার ডলারের এইচ ওয়ান বি ভিসা ফি অবৈধ, ফেডারেল বিচারকের রায়
- 0


প্রকাশিত: জুন ৯ ২০২৬, ১৫:৫১
অ্যামেরিকায় দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ ওয়ান বি ভিসার ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত ১০০ হাজার ডলারের অতিরিক্ত ফি বাতিল করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। আদালত বলেছে, এটি মূলত একটি কর, যা আরোপের ক্ষমতা ট্রাম্পকে কংগ্রেস দেয়নি।
সোমবার বোস্টনের ফেডারেল আদালতের বিচারক লিও সোরোকিন এই রায় দেন। গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন নতুন এইচ ওয়ান বি ভিসার জন্য ১০০ হাজার ডলারের ফি ঘোষণা করেছিল, যা ভিসা পাওয়ার খরচকে নাটকীয়ভাবে বাড়িয়ে দেয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ জন ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল আদালতে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, ট্রাম্প প্রশাসন আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করে নতুন আর্থিক বোঝা চাপিয়েছে।
ট্রাম্প প্রশাসন দাবি করে, এটি কোনো কর নয়; বরং একটি বৈধ আর্থিক জরিমানা। তাদের যুক্তি ছিল, অভিবাসন আইনের আওতায় প্রেসিডেন্ট জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করলে নির্দিষ্ট বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করার ক্ষমতা রাখেন।
তবে বিচারক সোরোকিন বলেন, এই অর্থপ্রদান বাস্তবে একটি কর হিসেবে কাজ করছে। ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন ফি আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তিনি রায়ে উল্লেখ করেন, “১০০ হাজার ডলারের এই অর্থপ্রদানের প্রকৃতি ও প্রয়োগ স্পষ্টভাবে দেখায় যে এটি একটি কর, সেটিকে যাই বলা হোক না কেন।”
আদালতের যুক্তি
বিচারক তাঁর রায়ে অ্যামেরিকার সুপ্রিম কোর্টের ফেব্রুয়ারির একটি সিদ্ধান্তও উল্লেখ করেন। ওই রায়ে ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা ব্যবহার করে আরোপিত বিস্তৃত শুল্ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল।
সোরোকিন বলেন, সুপ্রিম কোর্টের সেই যুক্তি অনুযায়ী অভিবাসন আইন ব্যবহার করেও প্রেসিডেন্ট নতুন কর আরোপ করতে পারেন না।
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স রায়ের সমালোচনা করে বলেছেন, আপিলে এই সিদ্ধান্ত বাতিল হবে বলে প্রশাসন আত্মবিশ্বাসী।
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট আইনগত ক্ষমতা রয়েছে এমন বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করার, যাদের তিনি অ্যামেরিকার স্বার্থের পরিপন্থী মনে করেন। তিনি ঠিক সেটাই করেছেন।”
এইচ ওয়ান বি ভিসা কেন গুরুত্বপূর্ণ?
এইচ ওয়ান বি কর্মসূচির আওতায় প্রতিবছর ৬৫ হাজার বিদেশি দক্ষ কর্মীকে ভিসা দেওয়া হয়। এছাড়া উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার ভিসার ব্যবস্থা রয়েছে।
প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এই কর্মসূচির ওপর নির্ভরশীল। ট্রাম্পের নতুন নীতির আগে একজন বিদেশি কর্মীর জন্য নিয়োগকর্তাদের সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত সরকারি ফি দিতে হতো।
ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এইচ ওয়ান বি কর্মসূচি অপব্যবহার করে কম বেতনের বিদেশি কর্মীদের মাধ্যমে অ্যামেরিকান কর্মীদের প্রতিস্থাপন করা হচ্ছে।
তবে বাস্তবে নতুন ফি কার্যকর হওয়ার পর খুব কম প্রতিষ্ঠানই তা পরিশোধ করেছে। আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ হাজার ডলারের ফি জমার মাত্র ৮৫টি আবেদন পড়েছে।
