ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের হাতে ন্যাশনাল গার্ডের দুই সেনা গুলিবিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসী আনা স্থগিতের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের কাছে বুধবার ওত পেতে থাকা ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালের গুলিতে গুরুতর আহত হন ন্যাশনাল গার্ডের দুই সেনা, যাদের মধ্যে একজনের মৃত্যূ হয় বৃহস্পতিবার।
ন্যাশনাল গার্ড সেনার মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ডনাল্ড ট্রাম্প।
বিবিসি নিউজ জানায়, পোস্টে ‘অ্যামেরিকায় সামজিক অকার্যকারিতা’র জন্য শরণার্থীদের দায়ী করেন ট্রাম্প।
তিনি অ্যামেরিকার কাছে ‘সম্পদ বিবেচিত নন’ এমন যে কাউকে বিতাড়নের প্রতিশ্রুতি দেন।
‘অ্যামেরিকার ব্যবস্থাকে পুরোপুরি পুনরুদ্ধার করতে আমি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসনে স্থায়ী বিরতি নেব, বাইডেনের সময়কার মিলিয়ন মিলিয়ন অবৈধ অন্তর্ভুক্তি বাতিল করব, যার মধ্যে ঘুমন্ত জো বাইডেনের অটোপেনে স্বাক্ষরিতরাও রয়েছেন। একই সঙ্গে অ্যামেরিকার বিবেচনায় নেট সম্পদ নয়, এমন যে কাউকে বিতাড়ন করব’, পোস্টে লিখেন ট্রাম্প।
কোন দেশগুলো থেকে অভিবাসী আনা হবে না, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।
এ বিষয়ে করা প্রশ্নের জবাবে শুক্রবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি রয়টার্সকে জুনে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৯টি দেশের কথা বলে।
এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, শাদ, গণতান্ত্রিক কঙ্গো, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।