পছন্দ না হওয়া জেনারেল, অ্যাডমিরালদের ‘তাৎক্ষণিক বরখাস্ত করবেন’ ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০ ২০২৫, ১৭:৩৮ হালনাগাদ: ডিসেম্বর ৮ ২০২৫, ১৯:২৮

একটি জমায়েতে অ্যামেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। ছবি: রয়টার্স

একটি জমায়েতে অ্যামেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। ছবি: রয়টার্স

  • 0

রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমি জেনারেল, অ্যাডমিরাল ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি এবং যদি কাউকে আমার পছন্দ না হয়, আমি তাদের ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতে যাচ্ছি।’

অ্যামেরিকার সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করবেন জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে কাউকে পছন্দ না হলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবেন তিনি।

রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমি জেনারেল, অ্যাডমিরাল ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি এবং যদি কাউকে আমার পছন্দ না হয়, আমি তাদের ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতে যাচ্ছি।’

ওয়াশিংটনের কাছে নজিরবিহীন একটি জমায়েতে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যামেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে আসতে বলেছিলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ।

পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছিলেন।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অ্যামেরিকার সামরিক নেতৃত্বকে এক স্থানে বৈঠকে জড়ো করার ঘটনা বিরল।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বল্প সময়ের নোটিশে হেগসেথ কেন জেনারেল ও অ্যাডমিরালদের এক জায়গায় বৈঠকে ডেকেছেন, তা পরিষ্কার নয়।

দুজন কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানান, হেগসেথের আদেশ সামরিক কর্মকর্তাদের মদ্যে অনিশ্চয়তা তৈরি করে।

অ্যামেরিকার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ হাজারো সেনার নেতৃত্ব দেন। তাদের প্রত্যেকের কয়েক সপ্তাহের বিস্তারিত সূচি থাকে। ডিফেন্স সেক্রেটারির আদেশে সেগুলো উলট-পালট হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লোকজন তাদের পরিকল্পনা বদল করতে তড়িঘড়ি করেন এবং যাচাই করে দেখেন যে, তারা বৈঠকে যোগ দিতে পারেন কি না।