নভেম্বর মাসে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার নেব্রাস্কা সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সফরটিতে রিপাবলিকানদের পক্ষে প্রচারণা চালানোর সমাবেশে তার প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরবেন ট্রাম্প। পাশাপাশি নতুন বিনিয়োগ ও উৎপাদনশিল্প বাড়ানোর বার্তাও দিবেন তিনি। হোয়াইট হাউযের সময়সূচী অনুযায়ি স্থানীয় সময় দুপুর ২টার দিকে তিনি নেব্রাস্কার উদ্যেশ্যে যাত্রা শুরু করবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ট্রাম্পের এ সফর, নভেম্বরের ৩ তারিখের মধ্যবর্তী নির্বাচনের আগে তার ৩২ দিনের নির্বাচনী প্রচারণার অংশ।
তবে ডিজেলের উচ্চমূল্য নিয়ে সংকটে থাকা কৃষক ও ট্রাকচালকরা এবং মুদ্রাস্ফিতী নিয়ে দুশ্চিন্তায় থাকা স্টেইটির নাগরিকরা, ট্রাম্পের বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বানকে কীভাবে গ্রহণ করবেন-তা এখন দেখার বিষয়।
এদিকে, মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয় পর্যায়ের জনমত জরিপেও উঠে এসেছে ট্রাম্পের ভরাডুবির তথ্য। গত মাসে রয়টার্সের করা এক জরিপে ট্রাম্পকে সমর্থনের হার ৩২ শতাংশে নেমে এসেছে, যা প্রেসিডেন্টের রাজনৈতিক জীবনে সর্বনিম্ন। এমনকি এক সপ্তাহের ব্যবধানে ট্রাম্পের জন্য তার নিজ দল রিপালিকান পার্টির ৮২ শতাংশ সমর্থন হারিয়ে ৭২ শতাংশে নেমে এসেছে।
রয়টার্সের জরিপ ও বিশ্লেষণে আরও দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প যেসব স্টেইটে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন, সেসব জায়গার কয়েকটিতেও ডেমোক্র্যাট ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রয়েছেন।
নেব্রাস্কায় ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ২০ শতাংশের বেশি ব্যবধানে জয় পেয়েছিলেন। তবে এবার সেখানে সেনেট নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। জনমত জরিপগুলোতে রিপাবলিকান সেনেটর পিট রিকেটস ও স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এ অবস্থায় মধ্যবর্তী নির্বাচনে জয় পেতে রিপাবলিকানরা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, ট্রাম্পের আমলে বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সুযোগ তৈরি হয়েছে, তা পণ্যের বাড়তি দামের নেতিবাচক প্রভাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
একইসঙ্গে ট্রাম্প সম্প্রতি রিপাবলিকানদের বলেছেন, তারা যেন এমনভাবে প্রচারণা চালান, যেন তিনি নিজেই নির্বাচনের ব্যালটে রয়েছেন। ট্রাম্পের লক্ষ্য, মধ্যবর্তী নির্বাচনকে তার প্রশাসনের কর্মকাণ্ড ও অর্থনৈতিক নীতির ওপর একধরনের গণভোটে পরিণত করা।