আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য প্রচার চালাতে আজ রোববার মিশিগান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্টেইটের পূর্বাঞ্চলে পোর্ট হিউরনে নিজ দলের পক্ষে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
ট্রাম্পের এ সফরের একদিন আগেই মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির প্রচারণা সমাবেশে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রচারণায় ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দলের একজন বর্তমান ও আরেকজন সাবেক প্রেসিডেন্টের পরপর মিশিগান সফর, নির্বাচনে স্টেইটটির গুরুত্বের ইঙ্গিত দেয়।
মিশিগানে সেনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স ও ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এল-সাইয়েদ নির্বাচিত হলে তিনি হবেন আমেরিকার সেনেটের প্রথম মুসলিম সদস্য। ট্রাম্প তাকে মুসলিম উগ্রপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।
অন্যদিকে, এল-সাইয়েদের সঙ্গে বিতর্কিত সুন্নি ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন রজার্স। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এদিকে শনিবারের সমাবেশে ওবামা বলেন, এল-সাইয়েদকে কম দেশপ্রেমিক ও কম আমেরিকান হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বিরোধীরা। নিজের বিরুদ্ধেও অতীতে একই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।