ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে নিহত রক্ষণশীল অ্যাকটিভিস্ট চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্কের হাতে মরণোত্তর ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ তুলে দেবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে মঙ্গলবার এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হবে কার্ককে।
ইস্ট রুমে ইস্টার্ন টাইম বেলা চারটার দিকে অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছে দি ইনডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বড় বড় সংবাদমাধ্যম, হোয়াইট হাউসের ওয়েবসাইট ও সি-স্প্যানে।
কার্ককে মরণোত্তর সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে যথাসময়ে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটন ডিসিতে ফেরেন ট্রাম্প।
বেঁচে থাকলে ১৪ অক্টোবর, মঙ্গলবার ৩২তম জন্মদিন উদযাপন করতেন চার্লি কার্ক।
প্রয়াত রক্ষণশীল অ্যাকটিভিস্টের পডকাস্ট প্রযোজক অ্যান্ড্রু কোলভেট অনুষ্ঠানটি আয়োজনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, অনুষ্ঠানকে বাস্তব রূপ দিতে সম্ভাব্য সবকিছু করেছেন ট্রাম্প।
ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গত ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে গুলিতে নিহত হন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র প্রতিষ্ঠাতা চার্লি কার্ক। তার মৃত্যুতে অ্যামেরিকাজুড়ে শোক নামে।
কার্ককে স্মরণ করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অনেক নেতা, শিক্ষার্থী ও ভক্তরা।