করদাতাদের অর্থ ব্যবহার করে টেলিভিশনে নিজের প্রশংসাসূচক এবং নির্বাচনী প্রচারণামূলক বিজ্ঞাপন প্রচারের জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি-ডিএনসি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জনগণের অর্থ ব্যয় করে এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বুধবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে ওই মামলা করা হয়।
ডিএনসির করা ওই মামলার অভিযোগে বলা হয়, জনগণকে প্রভাবিত করা কিংবা প্রচারণা চালানোর উদ্দেশ্যে সরকারি বরাদ্দের অর্থ ব্যবহার স্পষ্টত আইনি নিষেধাজ্ঞা লঙ্ঘন।
মামলায় আরও বলা হয়, গত সেপ্টেম্বর মাস থেকে টেলিভিশনে করদাতাদের অর্থে নিজের প্রশংসাসূচক বিজ্ঞাপন প্রচার করে আসছেন ট্রাম্প, যা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দলের মধ্যেই সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
এদিকে সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বিজ্ঞাপনগুলো বৃহত্তর অ্যামেরিকার ইতিবাচক প্রচারণার অংশ। সেইসঙ্গে, এসব বিজ্ঞাপন আর করদাতাদের অর্থে পরিচালিত হবে না বলে জানান তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, বিজ্ঞাপনগুলো এখন থেকে মেক অ্যামেরিকা গ্রেট এগেইন-ম্যাগা পলিটিক্যাল অ্যাকশন কমিটির অর্থায়নে প্রচার করা হবে।
তবে ডিএনসি মামলার অভিযোগপত্রে জানায়, ট্রাম্পের মন্তব্যের পরও বিজ্ঞাপনগুলো টেলিভিশনে প্রচার হতে দেখা গেছে।
মামলায় আরও বলা হয়,যেহেতু মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও প্রায় এক মাস বাকি এবং জনগণের মিলিয়ন মিলিয়ন অর্থ এখনও প্রচারণামূলক বিজ্ঞাপনের জন্য বরাদ্দ আছে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ডিএনসির মামলার পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
বিতর্কিত একটি বিজ্ঞাপনে দেখা যায়, ‘’অ্যামেরিকা কখনও সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে না’- এমন ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। এর সঙ্গে সুরের তালে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘লাভ মি’ তথা ‘আমাকে ভালোবাসুন।‘’’
অপর একটি বিজ্ঞাপনে অ্যামেরিকার সাবেক চার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিংকনের ভাস্কর্য খোদাই করা মাউন্ট রাশমোর পাহাড়ের সঙ্গে ট্রাম্পের নিজের ফুটেজ যুক্ত করতে দেখা যায়। বিজ্ঞাপনটির বার্তায়, প্রেসিডেন্ট পদে তার দায়িত্বকালকে ‘অ্যামেরিকার স্বর্ণযুগ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।