অবশেষে অ্যামেরিকার ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান হলো। কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া বিলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সইয়ের মাধ্যমে দূর হল অচলাবস্থা।
ওভাল অফিসে বুধবার রাতে সেনেটের পর কংগ্রেসে পাস হওয়া বিলটিতে সই করেন ডনাল্ড ট্রাম্প।
এসময় ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা গোটা দেশ অচল করে সাধারণ মানুষকে দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছে। যার ফল মধ্যবর্তী নির্বাচনে দলটিকে ফল ভোগ করতে হবে বলেও মনে করেন প্রেসিডেন্ট।
এদিকে বিল পাস হওয়ার পর এক সংবাদ সম্মেলনে হাউস স্পিকার মাইক জনসন জানান, প্রমাণিত হলো জনদুর্ভোগের দায় পুরোপুরি ডেমোক্র্যাটদের। তারা নিজ স্বার্থ হাসিলে জনতাকে জিম্মি করে রেখেছিলো। এই বিষয়টি ভোটাররা আগামীতে মাথায় রাখবেন বলেই জনসনের বিশ্বাস। স্পিকার আশ্বাস দেন যত দ্রুত সম্ভব সরকার সচলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
গত সোমবার ৬০-৪০ ব্যবধানে শাটডাউন অবসানের বিলটি উচ্চকক্ষে আলোর মুখ দেখে।নীল শিবিরের আট সেনেটর পক্ষে এবং বিপক্ষে দাঁড়ান লাল শিবিরের র্যান্ড পল।
ডেমোক্র্যাটিক শিবিরে বুধবারও দ্বিধাবিভক্তি দেখা গেছে। তাইতো এবারও তাদের ছয়জন কংগ্রেসম্যান দলীয় অবস্থান ছেড়ে যোগ দিলেন রিপাবলিকানদের সেই বিলে, যার বিরুদ্ধে টানা ৪৩ দিন লড়ে আসছেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার এবং হাউয মাইনোরিটি লিডার হাকিম জেফরিয।
এরফলে আগামী বছরের ৩০শে জানুয়ারি পর্যন্ত সরকার সচল থাকবে। বর্তমান সমঝোতার আলোকে স্ন্যাপ প্রোগ্রামে পূর্ণাঙ্গ তহবিল বরাদ্দ চালু হবে।
হাজার হাজার ছাঁটাই করা সরকারি কর্মচারী কাজে ফিরবে এবং যারা গত ছয় সপ্তাহ ছুটিতে কিংবা বিনা বেতনে কাজ করছিলেন, তাদের বকেয়া পরিশোধ করা হবে। তবে ওবামা- কেয়ারে ভর্তুকি বৃদ্ধিতে কোন পদক্ষেপ নেই এই স্বল্পমেয়াদি অর্থায়নে।
হাউসে ২২২-২০৯ ব্যবধানে পাস হওয়া বিলটি খুব দ্রুত পৌঁছে দেয়া হয় ওভাল অফিসের রেজুলিউট ডেস্কে। যেখানে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ট্রাম্প। রাত ১০টা ২৫ মিনিটে বিলে সই করেন তিনি। এর ফলে বিলটি আইনে পরিণত হলো।