ওরেগনের পোর্টল্যান্ড শহর এবং‘অভ্যন্তরীণ সন্ত্রাসীদের’ হাত থেকে ফেডারেল অভিবাসন স্থাপনাগুলোর সুরক্ষায় সেনা পাঠাতে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে নির্দেশ দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে তাদের ‘পূর্ণ বলপ্রয়োগের’ কর্তৃত্ব দিচ্ছেন তিনি।
রয়টার্স জানায়, নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প তার আদেশের কথা জানান।
তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ‘যুদ্ধবিধ্বস্ত’ পোর্টল্যান্ডের সুরক্ষা এবং অ্যান্টিফাসহ অভ্যন্তরীণ অন্য সন্ত্রাসীদের প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব সেনা পাঠাতে তিনি হেগসেথকে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্টের আদেশের পরিপ্রেক্ষিতে পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন বলেন, পোর্টল্যান্ডসহ অ্যামেরিকার যেকোনো শহরে অত্যাবশ্যকীয় সেনাদের সংখ্যা শূন্য। প্রেসিডেন্ট নিজে থেকে সংঘটন না করলে পোর্টল্যান্ডে অনাচার কিংবা সহিংসতা খুঁজে পাবেন না।
এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র কিথ উইলসন ও স্থানীয় নেতারা ফেডারেল কর্মকর্তাদের আসন্ন ক্রমাগত আগমনের মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
মেয়রের ভাষ্য, নগর কর্তৃপক্ষের আমন্ত্রণে পোর্টল্যান্ডে আসছেন না ফেডারেল কর্মকর্তারা।
এদিকে ওরেগনের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর রন ওয়াইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ট্রাম্প সম্ভবত ২০২০ সালের ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। তিনি পোর্টল্যান্ডে সংঘাত ও সহিংসতা উসকে দিতে চাইছেন।