নিউ ইয়র্ক সিটি পুলিশের ১৮৭ মিলিয়ন ডলার তহবিল পুনর্বহাল ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ১৮:৪৮ হালনাগাদ: ফেব্রুয়ারি ৯ ২০২৬, ৮:৫০

এনওয়াইপিডির সন্ত্রাসবিরোধী ইউনিটে দায়িত্বরত কয়েকজন সদস্য। ছবি: রয়টার্স

এনওয়াইপিডির সন্ত্রাসবিরোধী ইউনিটে দায়িত্বরত কয়েকজন সদস্য। ছবি: রয়টার্স

  • 0

স্টেইটের দায়িত্বশীল নেতা ও এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তারা শুরু থেকেই এ তহবিল প্রত্যাহারের বিপক্ষে ছিলেন। তাদের চাপের মধ্যে তহবিল পুনর্বহাল করেন ট্রাম্প।

সন্ত্রাস দমনের জন্য নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডির প্রাপ্য ১৮৭ মিলিয়ন তথা ১৮ কোটি ৭০ লাখ ডলারের তহবিল পুনর্বহাল করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

সিএনএনের প্রতিবেদন জানানো হয়, নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প প্রত্যাহার হওয়া তহবিল পুনর্বহালের কথা জানান।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাস দমনের জন্য তহবিল পুনর্বহাল করছি। এটি করা আমার জন্য সম্মানের।’

আইউইটনেস নিউজ জানায়, স্টেইটের দায়িত্বশীল নেতা ও এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তারা শুরু থেকেই এ তহবিল প্রত্যাহারের বিপক্ষে ছিলেন। তাদের চাপের মধ্যে তহবিল পুনর্বহাল করলেন ট্রাম্প।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সন্ত্রাস দমন বিরোধী তহবিল প্রত্যাহারের বিরুদ্ধে আপিল করেছিলেন।

তহবিল পুনর্বহালের পর হোকুল বলেন, স্টেইটের সন্ত্রাস দমন কার্যক্রম ও আইন পরিচালনাকারী তহবিল প্রত্যাহার করার মতো সিদ্ধান্তে নিউ ইয়র্ক কখনও সায় দেবে না। এ কথা তিনি তহবিল প্রত্যাহার ঘোষণার প্রথম দিন থেকেই বলে আসছেন।

তহবিল পুনর্বহালের এ সিদ্ধান্তকে নিউ ইয়র্কারদের নিরাপত্তার স্বার্থে জয় হিসেবেও উল্লেখ করেন গভর্নর।

এনওয়াইপিডির কমিশনার জেশিকা টিশও তহবিল প্রত্যাহারের বিরুদ্ধে সরব ছিলেন।

তিনি তহবিল প্রত্যাহারের সিদ্ধান্তকে স্টেইটের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আখ্যা দিয়েছিলেন।